• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার না’গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবারকে ৬৯ লাখ টাকার সহায়তা নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কর্মপরিবেশ ও উৎপাদন স্বাভাবিক কাঙ্ক্ষিত সেবা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)-কে পিতৃসম আশীর্বাদ সেবাপ্রার্থীর বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইইউর সহযোগিতা বাড়ানোর আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল

তৃতীয় দিনের মতো আন্দোলনে উত্তাল নারায়ণগঞ্জ

ফতুল্লা প্রতিনিধি / ৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের ফতুল্লা।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে কুতুবাইল কাঠেরপুল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবিতে একত্রিত হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে মূল সড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। শ্রমিকদের নিবৃত্ত করার চেষ্টা করা হলেও পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শ্রমিকেরা মূল সড়কে ওঠার চেষ্টা করলে তাদের মজুরি বোর্ড গঠন এবং এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা জানিয়ে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। তবে তারা পুলিশের কথা না শোনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কোনোভাবেই সড়ক দখল করে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডার অভিযোগ উঠেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ওষুধ ব্যবসায়ীর ভাষ্য অনুযায়ী, প্রথমে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মেট্রো নিটিংয়ের এক শ্রমিক অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে শ্রমিকদের মারধর করেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের নিক্ষেপ করা টিয়ারশেলের ধোঁয়ায় স্থানীয় একটি হোসিয়ারি কারখানার শ্রমিক জান্নাত (১৮) অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মিশর হোসিয়ারির আরেক শ্রমিক নার্গিস জানান, শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনার পর তাদের কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানা থেকে বের হওয়ার পর তারা টিয়ারশেলের ধোঁয়ার মধ্যে পড়ে যান।

উল্লেখ্য, একই দাবিতে গত সোমবার ও মঙ্গলবারও ফতুল্লায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। তাদের আন্দোলনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার বিকেলেও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসাইন।

টানা তিন দিনের আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় ফতুল্লার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি নিয়ে কার্যকর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকতে পারে। অন্যদিকে, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও জনদুর্ভোগ এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

শ্রমিকদের মজুরি দাবির বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ এবং সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..