• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কপ-৩১ সম্মেলন আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনা: নেতৃত্বের দৌড়ে আলোচনায় জোসেফ জাগো ফাউন্ডেশন ট্রাস্ট -এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ফতুল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে এমপি ও জেলা প্রশাসন বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ফতুল্লায় মাদ্রসায় অগ্নিকান্ডের আহতদের মাঝে অনুদান বিতরণ নারায়ণগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি আধুনিক অবকাঠামো, প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে নতুন রূপে সাজবে পতেঙ্গা-খেজুরতলা সৈকত :ডিসি জাহিদ দায়িত্ব গ্রহণের পরই মাঠে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত নেতৃবৃন্দ ফতুল্লায় যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি ঘিরে আলোচনা: নেতৃত্বের দৌড়ে আলোচনায় জোসেফ

বিডিনিউজ আই ডেস্ক : / ১০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি পুনর্গঠনকে কেন্দ্র করে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। তিন বছর মেয়াদি আহ্বায়ক কমিটির মেয়াদ পূর্ণ হওয়া এবং সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জেলা ও মহানগর ইউনিটগুলোর সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারির পর সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। বিদায়ী আহ্বায়ক কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানের পাশাপাশি বর্তমানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি কে এম মাজাহারুল ইসলাম জোসেফের নাম।

দলীয় নেতাকর্মীদের একটি অংশের মধ্যে আলোচনা রয়েছে, নতুন কমিটিতে সভাপতি পদে দেখা যেতে পারে জোসেফকে। ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে বিবেচনা করছেন তাঁর অনুসারীরা।

এদিকে এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে দলীয় হাইকমান্ড সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। তৃণমূলের মতামত, সাংগঠনিক দক্ষতা এবং বিগত আন্দোলন-সংগ্রামে নেতাদের ভূমিকা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

অন্যদিকে বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী একাধিক ত্যাগী নেতার নামও নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মো. শহিদ, আলী ইমরান শামীম, মঞ্জুরুল আলম মুসা, কামরুল হাসান রনি ও মো. নুরুজ্জামান। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতার কারণে তাঁদের নিয়েও নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে।

মাঠপর্যায়ে মহানগর যুবদলের বৃহত্তর একটি অংশের প্রত্যাশা, নতুন কমিটিতে কে এম মাজাহারুল ইসলাম জোসেফকে সভাপতি করা হলে সংগঠনটি পাড়া-মহল্লাভিত্তিক সীমাবদ্ধতা কাটিয়ে আরও বিস্তৃত পরিসরে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পাবে। তাঁদের মতে, মহানগর যুবদলের কার্যক্রম শুধু পাড়া-মহল্লার কমিটির মধ্যে সীমাবদ্ধ না রেখে মহানগরের তিনটি থানার প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা প্রয়োজন।

তৃণমূলের ওই অংশের অভিযোগ, বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব একই মহল্লার হওয়ায় নেতৃত্বের ক্ষেত্রে ভৌগোলিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। তাঁদের মতে, তিনটি থানার বিস্তৃত এলাকা নিয়ে গঠিত মহানগর যুবদলের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিটের শীর্ষ পদগুলো একই মহল্লাকেন্দ্রিক হওয়া উচিত নয়। বরং বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করে নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন। এতে সংগঠনের সাংগঠনিক পরিধি বাড়ার পাশাপাশি আগামী দিনের রাজনীতিতে মহানগর যুবদলের ভূমিকা আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তাঁরা।

এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এক নেতার নামও নতুন কমিটির শীর্ষ নেতৃত্বের আলোচনায় রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জের ছাত্রসংগঠনগুলোর রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক ত্যাগের কারণে তাঁকে সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করছেন তাঁর সমর্থকরা।

তবে নতুন কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতভেদও রয়েছে। পদপ্রত্যাশী ও তৃণমূলের একটি অংশের অভিযোগ, বর্তমান আহ্বায়ক কমিটি সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং অধীনস্থ থানা ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনে প্রত্যাশিত সাফল্য দেখাতে পারেনি। এ অবস্থায় তাঁরা পুরোনো নেতৃত্বের পরিবর্তে সম্পূর্ণ নতুন ও সক্রিয় নেতৃত্বের মাধ্যমে মহানগর যুবদলকে পুনর্গঠনের দাবি জানাচ্ছেন।

এ ছাড়া কে এম মাজাহারুল ইসলাম জোসেফ নারায়ণগঞ্জের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বাবা সাবেক কাউন্সিলর এবং চাচা সাবেক সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পারিবারিক আবহে বেড়ে উঠলেও জোসেফের রাজনৈতিক পথচলা তৃণমূল পর্যায় থেকে। ছাত্ররাজনীতির মধ্য দিয়ে উঠে আসা মেধাবী ও তারুণ্যদীপ্ত এই নেতা দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাঁর অনুসারীদের মতে, পারিবারিক রাজনৈতিক অভিজ্ঞতা, ছাত্ররাজনীতির অতীত এবং তৃণমূলের সঙ্গে সম্পৃক্ততা নতুন কমিটিতে তাঁর নাম আলোচনায় আসার অন্যতম কারণ।

সব মিলিয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নতুন কমিটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় একাধিক পরিচিত মুখ থাকলেও শেষ পর্যন্ত কারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন, তা নির্ভর করছে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। তৃণমূলের প্রত্যাশা, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাদের সমন্বয়ে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠন করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..