জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও প্লাস্টিক দূষণ হ্রাসে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এক ব্যতিক্রমী
উদ্যোগে ৬২০ জন শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ করা হয়েছে।
Climate Resilient Campus Initiative-এর আওতায় আজ রবিবার আলীরটেক ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে এই বোতল তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ সদরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
জলবায়ু পরিবর্তনের ফলে অতিরিক্ত তাপমাত্রা, তাপপ্রবাহ ও বন্যার মতো ঝুঁকি শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রমে প্রভাব ফেলছে। এমন বাস্তবতায় শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পান নিশ্চিত করার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতলের পরিবর্তে পুনর্ব্যবহারযোগ্য বোতল ব্যবহারে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় শুধু অবকাঠামোগত উদ্যোগ যথেষ্ট নয়। নতুন প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা ও অভ্যাস গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। আজ যে শিশু নিজের বোতলে পানি পান করার অভ্যাস গড়ে তুলবে, সে-ই আগামী দিনে পরিবার ও সমাজকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, সরকার ২০২৬ সালের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নির্দেশনায় প্লাস্টিকের দায়িত্বশীল ব্যবহার ও পুনঃচক্রায়নের ওপর গুরুত্ব দিয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ সেই নির্দেশনারই বাস্তব প্রতিফলন।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসই ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত পরিবর্তন আনতে পারে। এই বোতল বিতরণ শুধু একটি উপকরণ দেওয়া নয়, এটি শিশুদের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশ সংরক্ষণের বাস্তব শিক্ষা। বিদ্যালয় থেকেই একটি জলবায়ু-সহনশীল ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার ভিত্তি শক্তিশালী হবে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আলীরটেক ইউনিয়নের ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২০ জন শিক্ষার্থীকে এই পরিবেশবান্ধব বোতল দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সদর উপজেলার অন্যান্য ইউনিয়নেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...