• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
লকডাউন ব্যর্থ নারায়ণগঞ্জে, স্বাভাবিক জনজীবন ও শিল্পাঞ্চলে স্বস্তি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের আশ্বাস দিলেন এসপি হাবিবুর রহমান জেলা প্রশাসকের নির্দেশনায় বন্দর থেকে সেই কুমিরটি অবশেষে উদ্ধার লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি-আনসারসহ পুলিশ টহল জোরদার নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল অব্যাহত সৎ মায়ের প্রচলিত নেতিবাচক ধারণা ভেঙে ভালোবাসার গল্পে নির্মিত হচ্ছে নাটক ‘আসল মা’ নবীগঞ্জ খেয়াঘাটে সাবিহা সাথী কিচেনে ভোজনরসিকদের ভিড় হ য ব র ল নারায়নগঞ্জ: সমাধান কোন পথে? নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মানবিকতা না থাকলে ডিগ্রির মূল্য কী: ডিসি জাহিদ

নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের বিশেষ নিরাপত্তা টহল অব্যাহত

বিডিনিউজ আই ডেস্ক : / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা রোধে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ নিরাপত্তা টহল ও নিবিড় তদারকি পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবিরের নির্দেশনায় এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাম্প্রতিক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সম্ভাব্য ঝুঁকি এড়াতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান অত্যন্ত বিচক্ষণতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ শুরু থেকেই মাঠে রয়েছেন। নগরীর সাধারণ মানুষের জীবনযাত্রা ও নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে জেলা প্রশাসনের এই নজরদারি ও মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এলাকায় যৌথভাবে যৌথ বাহিনীর টহল পরিচালিত হচ্ছে। টহল ও তদারকিকালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে পরিলক্ষিত হয়েছে। কোথাও কোনো ধরনের অসঙ্গতি বা বিশৃঙ্খলার সন্ধান পাওয়া যায়নি। জেলাবাসীর সার্বিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় এই সজাগ দৃষ্টি ও বিশেষ নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের সূত্র থেকে জানা যায়।

গত সপ্তাহে শ্রমিক বিক্ষোভের ঘটনার পর শিল্পাঞ্চলে নিরাপত্তা আরও জোরদার করেছে জেলা প্রশাসন। পোশাক কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন ও ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল।

জেলা প্রশাসক সর্বোচ্চ দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সঙ্গে মতবিনিময় সভা করে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের বিশেষ তৎপরতায় সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। জেলার ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় চলছে নিয়মিত উৎপাদন কার্যক্রম। এখন পর্যন্ত কোনো কারখানা বন্ধের ঘোষণা আসেনি।

বুধবার সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। অন্যান্য দিনের মতোই সকাল থেকে শ্রমিকদের কর্মস্থলে যোগ দিতে দেখা যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে জেলার বিভিন্ন সংসদ সদস্য, বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ, এসআরবি ও শিল্প পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের জন্য মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোনো মহল যাতে গুজব ছড়িয়ে বা উসকানি দিয়ে শিল্পাঞ্চলকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নারায়ণগঞ্জে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান ও দেশের অর্থনীতির স্বার্থে আমরা সার্বক্ষণিক মাঠে রয়েছি।

জেলা প্রশাসক আরও বলেন, জেলার কোথাও যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কেউ যাতে নারায়ণগঞ্জকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিরা একযোগে মাঠে কাজ করছে। গুজবে কান না দিয়ে সবাইকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় প্রশাসন সব সময় তাদের পাশে থাকবে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, শ্রমিক অসন্তোষের পুনরাবৃত্তি ঠেকাতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি শিল্প পুলিশ এবং নিয়মিত পুলিশ সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে সমন্বিতভাবে কাজ চলছে। এছাড়াও যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনার প্রতিরোধ করতে জেলা পুলিশ মাঠে আছে।

পুলিশ সুপার আরও বলেন, নারায়ণগঞ্জের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা কোনো ছাড় দেব না। গুজব, উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ শ্রমিক ও নগরবাসীর নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..