মানবতার সেবায় নিজেদের অঙ্গীকার বাস্তবায়নে দায়িত্ব গ্রহণের শুরুতেই জনকল্যাণমূলক কার্যক্রমে মাঠে নেমেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নবনির্বাচিত নেতৃবৃন্দ। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন তাঁরা।
রোববার নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নবনির্বাচিত কমিটির নেতারা। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সেক্রেটারি অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও ফতেহ মোহাম্মদ রেজা রিপন। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ মানবতার সেবায় রেড ক্রিসেন্টের চলমান কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা সম্প্রসারণ এবং সামাজিক দায়বদ্ধতা থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন তাঁরা। পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ডেঙ্গুর ভয়াবহতা ও বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, মানবিক কার্যক্রমের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ও জনকল্যাণমূলক উদ্যোগেও সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নবী-টিপু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়। নির্বাচনের পরপরই জনসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে নতুন কমিটির পথচলা শুরু হওয়ায় স্থানীয় পর্যায়ে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...