নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার নারায়ণগঞ্জ জেলা পর্যায়ের পুরস্কার বিতরণী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনুর খান,বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাওসার আশা, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শারমীন জাহান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের চেতনার বাতিঘর। তিনি ছিলেন সাম্য, মানবতা ও বিদ্রোহের প্রতীক। নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও দেশপ্রেম আজকের সমাজে অত্যন্ত প্রাসঙ্গিক। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নজরুলকে জানবে এবং তার আদর্শ ধারণ করে আগামীর সুন্দর বাংলাদেশ গড়বে।
অনুষ্ঠান শেষে জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...