নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের চেকপোস্টে ১টি বিদেশি পিস্তল, হেরোইন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ ২ জন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান।
পুলিশ সুপার জানান, পুলিশ সুপারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) এর সার্বিক সহযোগিতায় এবং সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হাসান খানের নেতৃত্বে এসআই শেখ সাইয়াদুর রহমানসহ একটি দল রাত্রিকালীন হোন্ডা মোবাইল-১ ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ১৫ অক্টোবর ভোর আনুমানিক ৪টায় সদর মডেল থানাধীন ২ নম্বর রেলগেট সংলগ্ন মনির রেস্তোরাঁর উত্তর পাশে সাজ্জাদ ট্রেডার্সের সামনের খালি জায়গায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১/এমদাদুল হক (২৭), পিতা- মৃত ইদ্রিস, স্থায়ী ঠিকানা- বড় বাট্টা, থানা- দুর্গাপুর, জেলা- নেত্রকোনা, বর্তমান ঠিকানা- মাসদাইর বাজার, চশমাওয়ালার বাড়ির ভাড়াটিয়া, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
২/মোঃ জিহাদ (২৪), পিতা- মোঃ শাহিন, স্থায়ী ঠিকানা- টঙ্গীবাড়ী (বাঁশবাড়ী), থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ, বর্তমান ঠিকানা- চানমারী বস্তি, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
এ সময় তাদের কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন, যার ওজন ৫ গ্রাম ও মূল্য প্রায় ১৫ হাজার টাকা, ১টি বিদেশি পিস্তল, যার গায়ে ইংরেজিতে “Special MADE IN USA” খোদাই করা এবং ১টি Apache 160cc 8V মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নারায়ণগঞ্জ সদর থানা এলাকাসহ আশপাশের থানা এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে ছিনতাই ও মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, আসামি এমদাদুল হকের বিরুদ্ধে এর আগেও ফতুল্লা থানায় অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা রয়েছে। এছাড়া আসামি মোঃ জিহাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মাদক আইনে ১টি মামলা রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...