• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
স্বচ্ছতা ও জবাবদিহিতায় তথ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ : ডিসি নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর শুভ হত্যার রহস্য উদঘাটন নাগরিক অধিকার ফোরামের সাথে পুলিশ সুপারের মতবিনিময় কাশীপুর ইউনিয়ন শ্রমিক দলের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা পরপারে পাড়ি জমালেন কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা পর্যটন বিকাশে ডিজিটাল রূপান্তরের ওপর গুরুত্বারোপ ডিসির না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু বক্তাবলীতে MPL সিজন-৩ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হকার, অটোর তাণ্ডব ও অবৈধ পার্কিংয়ে অচল নারায়ণগঞ্জ: যানজট নিরসনে ডিসি-এসপির কঠোর বার্তা

পরপারে পাড়ি জমালেন কবি ও সাংবাদিক এনামুল হক প্রিন্স

নিজস্ব সংবাদদাতা / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সদা হাস্যোজ্জ্বল, সহজ-সরল ও শান্ত প্রকৃতির মেধাবী মানুষ—নারায়ণগঞ্জ শহরের সুপরিচিত কবি, সাংবাদিক ও সংগঠক এ এস এম এনামুল হক প্রিন্স আর নেই। পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

২৭ সেপ্টেম্বর রোববার রাত আনুমানিক ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

২৮ সেপ্টেম্বর সোমবার সকালে তাঁর মরদেহ মাসদাইরের নিজ বাসভবনে আনা হয়। বাদ জোহর মাসদাইর বাইতুল আমান মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এনামুল হক প্রিন্স জীবদ্দশায় সাপ্তাহিক ‘মুক্ত আওয়াজ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। আনন্দধাম, কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার এবং সাহিত্য সাময়িকী ‘বর্ণ’-এর সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন।

তিনি নিয়মিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, সাহিত্য সাময়িকী ও লিটল ম্যাগাজিনে কবিতা, গল্প ও প্রবন্ধ লিখতেন। তাঁর লেখা এ পর্যন্ত দুটি বই প্রকাশিত হয়েছে। সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন গুণীজন সম্মাননা, স্মারক সম্মাননা ও সনদ অর্জন করেছেন।

ব্যক্তিজীবনে এনামুল হক প্রিন্স ছিলেন মানবিক, সাহিত্যপ্রেমী, বন্ধুত্বসুলভ ও মিষ্টভাষী একজন মানুষ। তাঁর সৃজনশীলতা, সৌজন্যবোধ ও সুন্দর মানসিকতার কারণে নারায়ণগঞ্জের সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি ছিলেন পরিচিত ও প্রিয় মুখ।

তাঁর অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু, সহকর্মী ও স্বজনরা প্রিয় মানুষটিকে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁর সঙ্গে কাটানো নানা স্মৃতিচারণ করেন।

তাঁর নামাজে জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জের কবি-সাহিত্যিক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও জানাজায় অংশ নেন।

পরিবার, সাংবাদিক মহল ও সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..