তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং বিষয়ক ৩০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। ৩০ দিনব্যাপী এ প্রশিক্ষণের ২য় ও ৩য় ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির বিকাশের ফলে কর্মসংস্থানের ধারণায় ব্যাপক পরিবর্তন এসেছে। প্রচলিত চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগ কাজে লাগাতে তরুণদের দক্ষতা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো চাহিদাসম্পন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তরুণরা স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে পারবেন।
তিনি প্রশিক্ষণার্থীদের নিয়মিত ও মনোযোগীভাবে প্রশিক্ষণে অংশগ্রহণ এবং অর্জিত দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা জানান, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডিজিটাল প্ল্যাটফর্ম, ই-কমার্স এবং অনলাইন বিপণন ব্যবস্থার দ্রুত সম্প্রসারণের ফলে ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের প্রশিক্ষণ শুধু ব্যক্তিগত কর্মসংস্থানের সুযোগই বাড়াবে না, বরং স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও সম্প্রসারিত করবে।
আপনার মন্তব্য প্রদান করুন...